সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে বুধবার এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে জাতিসংঘের একটি গাড়ি বহরে সজোরে ধাক্কা দিলে অন্তত চারজন নিহত হয়। সাঁজোয়া গাড়ি বহরটি স্টাফদের মোগাদিসুর সুরক্ষিত বিমানবন্দর থেকে জাতিসংঘের একটি কড়া নিরাপত্তাধীন ঘাঁটিতে নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের প্রবেশ পথের কাছে এ হামলা চালানো হয়। খবর এএফপি’র।
তাৎক্ষণিকভাবে কোনো সংগঠন বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে সোমালিয়ার আল-কায়েদা সংশ্লিষ্ট শেবাব বিদ্রোহীরা অতীতেও জাতিসংঘ মিশন ও বিমানবন্দরে হামলা চালিয়েছে। চরমপন্থী সংগঠনটি দেশটির আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে উৎখাতের চেষ্টা চালিয়ে যাচ্ছে। শক্তিশালী এ বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশের দিকে উঠতে দেখা যায়। রাজধানী সব জায়গা থেকেই এই বিকট আওয়াজ শোনা গেছে। খবর বাসসের।