প্রধানমন্ত্রী হওয়ার পর ‘স্বচ্ছ ভারত’ থেকে শুরু করে অনেক কাজ করেই গণমাধ্যমের নজর কেড়েছেন। এবার সময়া-নুবর্তিতার দৃষ্টান্ত স্থাপন করে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। নিজ দলের এমপিদের বৈঠকে নির্দিষ্ট সময়ের পর দরজা বন্ধ করার নির্দেশ দিলেন তিনি। আর এজন্য বেশ কয়েকজন এমপিকে বাইরেই সময় কাটাতে হলো!
গত মঙ্গলবার প্রধানমন্ত্রী মোদীর নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এমপিদের সঙ্গে তার বৈঠক ছিল। বৈঠকটি ছিল পার্লামেন্টের সম্মেলন কক্ষে। বৈঠক শুরু হওয়ার সময় ছিল সকাল ৯টা ৩৫ মিনিট। প্রধানমন্ত্রী সময়ের দশ মিনিট আগে কক্ষে প্রবেশ করেন। কিন্তু দলের ৩২০ জন এমপির মধ্যে অনুপস্থিত ছিল ২০ জন। সংসদ বিষয়ক মন্ত্রী ভেনকাইয়া নাইডু জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী বলেছেন, সময়ানুবর্তিতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। মোদী দলের রাজনীতিবিদদের শৃঙ্খলা মেনে চলার আহবান জানান। ৯ টা ৩৫ মিনিট পার হওয়ার পর মোদী দরজা বন্ধ করার নির্দেশ দেন। দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে, বৈঠকে কেউ উপস্থিত না থাকলে প্রধানমন্ত্রীর কাছে তার তালিকা পাঠানো হবে। - এনডিটিভি