কৃষ্ণাঙ্গ গার্নার হত্যায় অভিযুক্ত হয়নি শ্বেতাঙ্গ পুলিশ

যুক্তরাষ্ট্রে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় জড়িত শ্বেতাঙ্গ পুলিশের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে নাগরিক অধিকারের লঙ্ঘনের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিচার বিভাগ। এরিক গার্নার নামে ঐ কৃষ্ণাঙ্গকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। বৃহস্পতিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার গ্রান্ড জুরির এই সিদ্ধান্তের কথা জানান। এই সিদ্ধান্ত জানার পর টাইমস স্কয়ারে অসংখ্য লোক জড়ো হয়ে বিক্ষোভ জানান।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, এই ঘটনা সংখ্যালঘু সম্প্রদায় ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে বড় ধরনের সমস্যার কথাই বলছে।  
গত ১৭ জুলাই স্ট্যাটেন আইল্যান্ডের রাস্তায় অবৈধভাবে সিগারেট বিক্রির অভিযোগে ৬ সন্তানেরবাবা এরিক গার্নারকে (৪৩) আটক করে নিউইয়র্কের পুলিশ। কয়েকজন পুলিশ সদস্য তাকে জোর করে রাস্তায় ফেলে চেপে ধরলে শ্বাসরোধে তার মৃত্যু হয়।
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে নিরস্ত্র তরুণ মাইকেল ব্রাউনকে (১৮) হত্যার ঘটনায় জড়িত  শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিরুদ্ধে অভিযোগ গঠন না করার সিদ্ধান্ত নেয় আরেক গ্রান্ড জুরি। সূত্র: বিবিসি ও রয়টার্স।