বিশ্বের ইতিহাসে তাপমাত্রার দিক থেকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে ২০১৪ সালকে চিহ্নিত করেছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিবিসি জানিয়েছে, বিশ্বের ইতিহাসে তাপমাত্রা রেকর্ড করা শুরু হবার পর থেকে চলতি বছরের তাপমাত্রা সবচাইতে গরম ছিল বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। পেরুতে চলমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে এমন তথ্য দেয়া হয়েছে।
মরক্কো, তুরস্ক ও বলকান এলাকাসহ বিশ্বের কয়েকটি এলাকায় আবহাওয়ার ভিন্নতা দেখা যাচ্ছে বলে জানাচ্ছে বিশ্ব আবহাওয়া সংস্থা। সংস্থাটি বলছে, এই পরিবর্তনের নমুনা হলো কিছু এলাকায় বৃষ্টি বাড়ছে আবার কিছু এলাকায় খরা দেখা দিয়েছে।
জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমেই তাপমাত্রা বেড়ে চলেছে। তাপমাত্রার এই পরিবর্তনে সমুদ্রপৃষ্ঠ আর গোলার্ধে প্রভাব পড়বে।
সংস্থাটি জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা সর্বকালের মধ্যে সবচেয়ে রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ফলে মরক্কো, তুরস্ক এবং বলকান এলাকায় অধিক মাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।
আবার আরেক প্রান্তে শুষ্কতা বাড়ছে। ওয়ার্ল্ড মেটেরোলজিকাল অর্গানাইজেশনের প্রধান মিশেল জারাউড বলেন, ক্রমবর্ধমান গ্রিন হাউজ গ্যাস নির্গমন এবং বায়ুম-লীয় ঘনত্ব পৃথিবীর পরিবেশকে ক্রমেই অনিশ্চিত এবং অসহনীয় পরিণতির দিকে নিয়ে যাচ্ছে।
চলতি বছরের প্রথম ১০ মাসে বিশ্বব্যাপী বায়ুর গড় তাপমাত্রা ছিল প্রায় ০.৫৭ সেলসিয়াস। প্রথম ১১ মাসে যুক্তরাজ্যে ১. ৬ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা উৎপন্ন হয়েছে। ভূপৃষ্ঠের কার্বন গ্যাস নিঃসরণ এজন্য অনেকটাই দায়ী বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এ বছরের চলতি ধারা পরবর্তী দুই মাস চলতে থাকবে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা।