আরেকটি ধাক্কা দিলেই সরকারের পতন: মির্জা ফখরুল

 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার পতনের আন্দোলনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে শান্তি,স্বস্তি নেই। সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তাদের কোন জনসমর্থন নেই। জোর করে জনগনের ঘাড়ের ওপর সওয়ার হয়ে বসে আছে। তাদের পায়ের তল থেকে মাটি সরে গেছে। এখন দরকার আরেকটি ধাক্কা । ধাক্কা দিলেই অবৈধ সরকারের পতন হবে।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তাফা ভূইয়া, ডেমোক্রেটিক লীগ (ডিএল)র মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি প্রমুখ।
‘বাংলাদেশে দুর্নীতি বেড়েছে’ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির এমন প্রতিবেদনের প্রসঙ্গ টেনে দুর্নীতি দমন কমিশন (দুদক)র সমালোচনা করে মির্জা ফখরুল বলেন,দুর্নীতি বেড়েছে আর দুদক দায়মুক্তি দিয়েছে। দুদক এখন সরকারের ’বি টিম’ হিসেবে কাজ করছে। এটি দুর্নীতি দমন কমিশন নয়, দায়মুক্তি কমিশনে পরিণত হয়েছে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ বিদেশী কোন দেশের সঙ্গেই সরকারের ভালো সম্পর্ক নেই। দেশ বন্ধুহীন হয়ে পড়েছে। বিদেশে মানুষ কাজে যেতে পারছে না। দেশে অর্থনৈতিক মন্দার সৃষ্টি হয়েছে। অথচ এ বিষয়ে সরকারের কোনো বোধোদয় নেই।