ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তিতে রাজি আছেন এমন কথা আনুষ্ঠানিকভাবে জানালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বৃহস্পতিবার কোচবিহারের দিনহাটা মহাকুমার ডাকুরহাটে সরকারি পর্যায়ে আয়োজিত জনসভায় তিনি এসব কথা জানান।
১৬২টি ছিটমহলের প্রতীক হিসেবে ১৬২টি গোলাপ দিয়ে মমতাকে শুভেচ্ছা জানান ছিটমহলবাসী। মমতাও প্রবীণ ১৪ জন ছিটমহলবাসীসহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেন।
মমতা বলেন, আমরা কেন্দ্রীয় সরকারকে এই চুক্তি সমর্থনের কথা আগেই জানিয়ে দিয়েছি। ছিটমহলের মানুষ ফিরে পাক তাদের মৌলিক অধিকার, এটাই চাই। তিনি ছিটমহলের পুনর্গঠন, ছিটমহলবাসীর পুনর্বাসনসহ তাদের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানান।
এছাড়া মমতা জানান, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তি সমর্থন করে। রাজ্য সরকার চায়, এই চুক্তি সম্পাদন হোক।