‘রংপুরে এরশাদের কোনো সিট নেই’



আগামীতে রংপুরে এরশাদের কোনো সিট নেই বলে মন্তব্য করে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র শরফুউদ্দিন আহমেদ (ঝন্টু) বলেছেন, ‘আগে এরশাদের ওপর মানুষের আবেগ ছিলো, তাই তিনি সিট পেতেন। এখন মানুষের আবেগ শেষ হয়ে গেছে, তাই তিনি রংপুরে কোনো সিট পাবেন না।’

বৃহস্পতিবার বিকেলে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি রংপুরে গ্যাস দেন তাহলে রংপুরের টোটাল সিট আওয়ামী লীগের হয়ে যাবে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন দলছুট। এ লোকগুলোকে নিতে গিয়ে আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে বাঁধা সৃষ্টি করছে। আওয়ামী লীগ থেকে বাধা না আসলে নেতাকর্মীদের দলে নিলে জাতীয় পার্টি ভেনিস হয়ে যাবে।

মেয়র বলেন, রংপুর একটি বৃহৎ সিটি কর্পোরেশেন। বর্তমান সরকারে পক্ষ থেকে যদি আলাদাভাবে সাহায্য-সহযোগিতা না পাওয়া যায় তাহলে উন্নয়ন করা আমাদের জন্য কষ্টসাধ্য।