দায়ী বাস চালককে খুঁজে বের করার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর

সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুর জন্য দায়ী বাস চালককে খুঁজে বের করে শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত সাংবাদিকের রাজধানীর বনানীর বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানকে এ আশ্বাস দেন। দুর্ঘটনার পর আহত সাংবাদিকের চিকিত্সা না দেয়ার অভিযোগ ওঠায় মোহনা হাসপাতাল বন্ধ করে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও মন্ত্রী তাদের অবহিত করেন।

স্বাস্থ্যমন্ত্রী জগলুল আহমেদ চৌধুরীর স্ত্রী তানিজ চৌধুরী ও ছেলে নাভিদ আহমেদ চৌধুরীসহ পরিবারের সদস্যদের পাশে কিছু সময় কাটান এবং সান্ত্বনা দেন। পাশাপাশি প্রয়াত সাংবাদিককে তার ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী পরে রাতে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারপতি কাজী গোলাম রসুলকে দেখতে যান। মন্ত্রী সাবেক এই বিচারপতির চিকিত্সার খোঁজখবর নেন এবং সুচিকিত্সা নিশ্চিত করতে চিকিত্সকদের নির্দেশ দেন।