কবর থেকে তোলা হলো অভিনেত্রী লোপার লাশ

হুমায়ূন আহমেদের টিভি নাটক ‘এইসব দিনরাত্রি’র টুনি চরিত্রের অভিনেত্রী নায়ার সুলতানা লোপার লাশ পুনরায় ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। গুলশান থানার এএসআই বিল্লাল হোসেন জানান, আদালতের নির্দেশে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিম বানু শান্তির উপস্থিতিতে লোপার লাশ তোলা হয়। পরে তা ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
গত ১৬ অক্টোবর রাজধানীর গুলশানে শ্বশুর বাড়ি থেকে ৩৫ বছর বয়সী লোপার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওইদিনই তার মা রাজিয়া সুলতানা গুলশান থানায় লোপার স্বামী আলী আমিনের বিরুদ্ধে মামলা করেন। যাতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এতে আমিনের বাবা-মাকেও আসামি করা হয়।
লাশ উদ্ধারের পর পুলিশের সুরতহাল প্রতিবেদনে লোপার গলায় এবং বাম হাতের কব্জিতে আঘাতের চিহ্ন পাওয়ার কথা বলা হয়। ময়না তদন্তে লোপার মৃত্যুর কারণ ‘আত্মহত্যা’ বলা হলেও তাতে আপত্তি জানিয়ে পুনরায় ময়না তদন্তের আবেদন করেন তার মা। গত ২৬ নভেম্বর ওই আবেদন গ্রহণ করে লোপার লাশ তুলে পুনরায় ময়না তদন্তের ব্যবস্থা করতে ঢাকার জেলা প্রশাসককে নির্দেশ দেয় আদালত।
এদিকে মামলা দায়েরের পরপরই আসামি আলী আমিনকে গ্রেফতার করে পুলিশ। তিনি দাবি করেন, গুলশানের ফ্ল্যাটের মালিকানা নিয়ে তার সঙ্গে ঝগড়ার জেরে লোপা আত্মহত্যা করেছেন। তবে মামলার এজাহারে লোপার মা তার মেয়ে জামাইকে ‘মাদকাসক্ত’ উল্লেখ করে বলেছেন, প্রতিদিন লোপাকে শারীরিক নির্যাতন করতেন আলী আমীন এবং এতে তার বাবা-মাও প্রশ্রয় দিতেন। ঘটনার দিন দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে কোনো এক সময় তারা তিনজন লোপাকে শ্বাসরোধে হত্যার পর সিলিং ফ্যানে ঝুলিয়ে রাখে।