অসুস্থতার কারণে অরিজিতের কনসার্ট স্থগিত

ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিত সিংয়ের অসুস্থতার কারণে শুক্রবার ঢাকার যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিতব্য অরিজিত লাইভ কনসার্টটি স্থগিত করা হয়েছে। শিল্পীর সুস্থতার ওপরে নির্ভর করে আগামী ১২ ডিসেম্বর একই ভেন্যুতে কনসার্টটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিল্পী নিজেই।
আজ সকালে কলকাতা থেকে ঢাকায় এসে পৌঁছান অরিজিত। দুইদিন আগেই বাম চোখে বিষাক্ত পোকার কামড়ে মারাত্মক আহত হন তিনি। সবার কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘ডাক্তার আমাকে টানা তিন দিন ঘর থেকে বের হতেই নিষেধ করেছেন। তবু আমি আয়োজক ও অন্যান্য পার্টনারদের কথা চিন্তা করেই এটুকু বলতে এসেছি যে সবকিছু ঠিক থাকলে আবার ১২ তারিখ এসে আমি গান গাইব। তাই কারো নিরাশ হবার প্রয়োজন নেই।’
অরিজিত নিজের চোখের অবস্থার কথা জানিয়ে উপস্থিত মিডিয়া কর্মী ও ফটোগ্রাফারদের ছবি তুলতে নিষেধ করে তিনি বলেন, ‘প্লিজ, আমার এই খারপ চেহারার ছবিটা পত্রিকায় ছাপবেন না।’ কিন্তু পরবর্তীতে পাঠকদের আসল অবস্থা জানানোর জন্য তিনি ছবি তুলতে রাজি হন। 
এদিকে গত প্রায় তিন মাস ধরে প্রস্তুতি নেয়া আয়োজক ই-মেকার্স এর পক্ষ থেকে নাইম বলেন, ‘একই টিকিটে একই ভেন্যুতে একই সময়ে ১২ ডিসেম্বর কনসার্টটি দর্শকেরা উপভোগ করতে পারবেন।’ 
কনসার্টের এফএম পার্টনার ‘ঢাকা এফএম’ এর অনুষ্ঠান প্রধান ইন্তেজার হক বলেন, ‘সারা দেশ থেকে অগণিত শ্রোতারা আমাদের এসএমএস করছে অরিজিতের কনসার্টটির ব্যাপারে। কারণ আমরা প্রায় টানা দুই মাস ক্যাম্পেইন করেছি এই কনসার্টটি নিয়ে। ঠিক শেষ সময়ে শিল্পীর এই অসুস্থতার খবরটি আমাদের জন্য হতাশাজনক ও দুর্ভাগ্য ছাড়া আর কী বলতে পারি! আমরা আমাদের সকল শ্রোতাদের কাছে ক্ষমা চাইছি।’
এদিকে সস্ত্রীক ঢাকায় আসা অরিজিত সিং জানান, সারাদিন অবস্থান করে সন্ধ্যার ফ্লাইটে কলকাতা চলে যাবেন।