প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শুক্রবার টাইফুন হাগুপিট আরো শক্তিশালী হয়ে প্রবল ঝড়ে পরিণত হয়েছে ফিলিপাইনের দিকে অগ্রসর হচ্ছে। স্থানীয়ভাবে এ টাইফুনের নাম দেয়া হয়েছে ‘হাগুপিট বা রুবি’। এর প্রভাবে ওই অঞ্চলে ঘন্টায় ২শ’ ৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে এবং এটি শনিবার নাগাদ স্থলভাগে আঘাত হানতে পারে। খবর এএফপি’র।
ফিলিপাইনের আবহাওয়া কর্তৃপক্ষ বলেছে, বৃহস্পতিবার গ্রিনিচ সময় ২০ টায় সুপার টাইফুন সামারের ৫শ’ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল এবং এটি ১৩ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিল। এর প্রভাবে বাতাসের একটানা গতিবেগ ছিল ছিল ঘন্টায় ২শ’ ১৫ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ২শ’ ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
সুপার টাইফুন হাগুপিট ফিলিপাইনের পূর্বাঞ্চলের সামার প্রদেশ ও তাক্লুবান নগরীর দিকে অগ্রসর হচ্ছে। এক বছর আগে এ এলাকায় টাইফুন হায়ানের আঘাতে কয়েক হাজার লোকের প্রাণহানি ঘটে।
খবরে বলা হয়েছে, হাজার হাজার লোককে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয়েছে। যাদেরকে সরিয়ে নেয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করতো।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টিপাত, সাগরে বিশাল বিশাল ঢেউয়ের সৃষ্টি ও ভূমিধসের সতর্কবাণী করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখতে বিভিন্ন দোকান ও পেট্রোল স্টেশনে লম্বা লাইন পড়ে গেছে।
হাগুপিট হায়ানের মত শক্তিশালী হবে না বলে ধারণা করা হচ্ছে। তবে এর প্রভাবে একতলা সমান উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে।