অস্ট্রেলিয়ায় অভিবাসন সংস্কার আইন পাস

 
 
অভিবাসন সংস্কার আইনের অনুমোদন দিয়েছে অস্ট্রেলীয় পার্লামেন্ট। শুক্রবার সিনেটে বিলটি পাস করা হয়। এর মাধ্যমে শরণার্থীদের অস্থায়ী ভিসা প্রদানের বিষয়টি পুনরায় চালু করলো দেশটি। খবর বিবিসির।
 
বিলে শরণার্থীদের সেদেশে তিন থেকে পাঁচ বছরের জন্য থাকতে দেওয়ার বিষয়টি  চূড়ান্ত করা হয়।  পার্লামেন্টে ৩৪ ভোটে বিলটি পাস হয়। এর ভেতর সিনেট দেয় ৩২ ভোট এবং বাকী ভোট পার্লামেন্ট সদস্যদের কাছ থেকে আসে। এতে শরণার্থীদের সেদেশে স্থায়ীভাবে অবস্থান করার বিষয়টি বাতিল করে দেওয়া হয়। বিলে বলা হয়েছে, নৌকায় করে অস্ট্রেলিয়ায় আসা বন্ধে এ নতুন নীতি গ্রহণ করা হল এবং এর ফলে শরণার্থীরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে না। এদিকে যারা পূর্বে ধরা পড়েছে তাদেরকে এ নিয়মের আওতায় আনা হবে না। দেশটিতে বর্তমানে ৩০ হাজারের মত অভিবাসী সংক্রান্ত মামলা রয়েছে। সমপ্রতি নৌকা করে ভেসে আসা সকল আশ্রয়প্রার্থীকে আটক করে দেশটি।
 

ওদিকে বিলটি পাস হওয়া প্রসঙ্গে দেশটির প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এ উদ্যোগকে অস্ট্রেলিয়ার ‘জয়’ হিসেবে অভিহিত করেছেন। তবে বিলটি পাসের ক্ষেত্রে সরকারকে কিছু ছাড় দিতে হয়েছে। এর মধ্যে সামনে বড়দিন উপলক্ষ্যে আটক শিশুদের মুক্ত করার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পালমার ইউনাইটেড পার্টির নেতা পালমার একে দারুণ একটি পদক্ষেপ বলে উল্লেখ করেন। কেননা এসব শিশুদের বড়দিনে বন্দী হয়ে থাকতে হবে না। সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডের সময়েই অস্থায়ী ভিত্তিতে ভিসা প্রদানসংক্রান্ত বিল আনা  হয়েছিল। তবে সেটি নিয়ে মানবাধিকার গ্রুপ ও জাতিসংঘের ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার।