বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র এখনো শঙ্কামুক্ত নয়। নিষ্ঠুর কর্তৃত্ববাদী একদলীয় শাসনের চরিত্রগুলো ক্রমশ ফুটে উঠছে বর্তমান শাসকগোষ্ঠীর আচরণে। ‘স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে শুক্রবার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
বিএনপি চেয়ারপার্সন গত ৫ জানুয়ারির ‘একতরফা’ নির্বাচনের সমালোচনা করে বলেন, আবারো জাতিকে একদলীয় নিষ্ঠুর শাসনের শৃঙ্খলে বন্দি করে নাগরিক স্বাধীনতাকে বিপন্ন করা হয়েছে। তিনি গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বেগম খালেদা জিয়া বলেন, একদলীয় বাকশালী চেতনার দল ও আশির দশকের গণতন্ত্র হত্যাকারী স্বৈরাচার একত্রিত হয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ক্রমান্বয়ে ধংসস্তূপে পরিণত করছে। সকল দলের মিলিত ইচ্ছায় নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরা সংবিধান থেকে মুছে দিয়েছে।
তিনি বলেন, এই অগণতান্ত্রিক অপশক্তি সংবিধান বর্ণিত জনগণের মৌলিক অধিকার ক্রমাগতভাবে হরণ করে যাচ্ছে। এই অপশক্তিকে প্রতিহত করে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়া বলেন, ৬ ডিসেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৯০ সালের এ দিনে দীর্ঘ ৯ বছরের অগ্নিঝরা আন্দোলনের পর পতন ঘটেছিলো সামরিক স্বৈরশাসক এরশাদের।