চারদিকে ফুলের বাহার আর নানা রঙের বাহারি প্রজাপতির উড়াউড়ি। রংয়ের সাথে মিলিয়ে নামগুলোও বেশ বাহারী। টাইগার গ্রুপ, শ্যালো টেল, গ্রাজ ইয়েলো, ইয়েলো পেনসি, লাইম বাটার ফ্লাই। এগুলো তো গেলে ইংরেজি নাম। আছে বাংলা নামও। কোনটি চামেলী আবার কোনটির নাম রুপালী। বাংলা নামের বাহারি প্রজাপতিগুলোর মধ্যে হিমেলকুচি, বাঘবলা, কাউয়াছড়ি, তুতচিল, ধূলকাপাশ, লোপামুদ্রা, কড়ি, তিন্নি, তুষারকন্যা, তিলকুশি,লালচক্ষু, হাতিশূঁড়, রিংতান, সাঁঝলা, হরিণছড়া, উর্মিমালা, বনরাজি প্রভৃতি। প্রজাপতি নিয়ে জনসচেতনতা বাড়াতে ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ শ্লোগানকে ধারণ করে গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়। প্রজাপতি মেলা উপলক্ষে সকালে দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো প্রজাপতিপ্রেমী, শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে ছুটে আসে। সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন চত্বরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার, আইইউসিএন এর বাংলাদেশ প্রতিনিধি ইশতিয়াক উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিক হায়দার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাজেদা বেগম এবং মেলার আহবায়ক অধ্যাপক ড. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রজাপতি বিষয়ক বই ‘বাটারফ্লাইজ অব বাংলাদেশ-ইনভানটোরি থার্ড ফেজ’ এর মোড়ক উন্মোচন করা হয়। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ও প্রজাপতি গবেষক অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন ২০১০ সাল থেকে ধারাবাহিকভাবে এ মেলা আয়োজন করে আসছেন। প্রজাপতির বিষয়ে সচেতনতা এবং প্রজাপতি বিষয়ে গবেষণা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সোহরাব আলীকে মেলা থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। প্রজাপতির ক্ষেত্রে বিশেষ আগ্রহ এবং প্রজাপতির বিষয়ে সচেতনতা তৈরির জন্য এবার মেলা থেকে ইয়ং বাটারফ্লাই অ্যাওয়ার্ড লাভ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানভীর আহমেদ। পরে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণাগারের দক্ষিণে তিন একর জায়গা নিয়ে গড়ে তোলা প্রজাতির পার্ক ও গবেষণা কেন্দ্র উদ্বোধন করা হয়। বেলা একটায় নানা রঙের প্রজাপতির আদলে কেন্দ্রীয় খেলার মাঠে ঘুড়ি উড়ানোর উত্সব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
পাখির টানে জাবিতে মজীনা: গত বছরের ন্যায় এবারও অতিথি পাখির টানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভ্রমণ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনা । গতকাল সকাল সাড়ে দশটার দিকে কোন প্রটোকল ছাড়াই তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে অতিথি পাখি দেখার জন্য ক্যাম্পাসের বিভিন্ন লেক পরিদর্শন করেন। পরে তিনি পথ শিশুদের সাথে চা পান করে ক্যাম্পাস ত্যাগ করেন। এর আগে তিনি সাংবাদিকদের বলেন আমি এক জন পাখি প্রেমি মানুষ । ঢাকার পাশে হওয়ায় শীতের শুরুতেই অতিথি পাখিদের উড়োউড়ি দেখার জন্য আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছুটে আসি। তার সাথে এসময় মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।