ঘুষ গ্রহণের অভিযোগে চীনা নেতা গ্রেফতার

চীনের কমিউনিস্ট পার্টির অন্যতম জেষ্ঠ্য নেতা ঝু ইয়ংক্যাং ঘুষ গ্রহণের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর গ্রেফতার হয়েছেন । খবর বিবিসি বাংলার।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ঝু ইয়ংক্যাং-কে দল থেকে বের করে দিয়ে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১২ সাল পর্যন্ত তাকে চীনে সবচেয়ে আতঙ্ক সৃষ্টিকারীদের একজন হিসেবেই দেখা হত ঝু ইয়ংক্যাং-কে।
ঝু-র বিরুদ্ধে ঘুষ গ্রহণ এবং তার রাজনৈতিক দল ও দেশের গুরুত্বপূর্ণ গোপন তথ্য ফাঁস ছাড়াও, দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বেশ কয়েকজন নারীর সাথে আইন-বহির্ভূত সম্পর্ক রাখার অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। শুধু তাই নয়, তার অনেক ঘনিষ্ট সহচর ও পরিবারের সদস্যরাও ইতিমধ্যেই দুর্নীতি মামলার তদন্তের মুখে পড়েছেন।
উল্লেখ্য, দু’বছর আগে অবসরে যান ঝু ইয়ংক্যাং। এর আগে তিনি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার দায়িত্বে ছিলেন। সে সময়ই ঝু চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতৃত্বদানকারী হিসেবে জায়গা করে নেন।