শিগগির জন প্রতিনিধিত্বকারী সরকার প্রয়োজন: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, যত শিগগির সম্ভব একটি শক্তিশালী জন প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন। সংকটের মধ্যে দেশ চলছে। এই সংকট উত্তরণের একমাত্র পথ হলো একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা। যেই নির্বাচনে জনগণ নির্ভয়ে মুক্তমনে শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে সক্ষম হবে। 
শনিবার সকাল ১০টায় নোয়াখালী কোম্পানীগঞ্জে ফোরকানীয়া মাদ্রাসা মাঠে কোম্পানিগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতা-কর্মীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা গেলে দেশে রাজনৈতিক স্থীতিশীলতা অর্জন করা সম্ভব হবে। দেশে তখন বিদেশি বিনিয়োগ আসবে। কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশ যথেষ্ট নয়। বাংলাদেশকে যদি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে প্রবৃদ্ধির হার ৮ থেকে ৯ শতাংশ বৃদ্ধি করতে হবে।  
সভায় সভাপতিত্ব করেন- কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি হাজী আবদুল হাই সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ, নুরুল আলম সিকদার, কামাল উদ্দিন চৌধুরী, জাহাঙ্গীর আলম, হুমাযুন কবির পলাশ, জাহেদুর রহমান রাজন, মোঃ শাহজাহান, আতোয়ার হোসেন পাভেল প্রমুখ। পরে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি ফজলুল কবির ফয়সালের বিয়ের অনুষ্ঠানে বিএনপি’র স্থায়ীর সদস্য ব্যারিস্টার মওদুদ, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও বিএনপি’র যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলু ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফোরকানে আলম যোগদান করেন।