সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে হবে : সৈয়দ আশরাফ

 
স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, দেশে গণতন্ত্র ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী করতে হবে।  সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করতে হলে সময়মত সকল সাংগঠনিক শাখার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন এবং নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার নগরীর রাজশাহীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বেগম আখতার জাহান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্ণেল (অব.) ফারুক খান এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বক্তব্য রাখেন। 
নাসিম বলেন, দেশে একটি রাজনৈতিক মহল নির্বাচিত সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে হটানোর জন্য দেশী-বিদেশীদের সাথে আঁতাত মাধ্যমে ষড়যন্ত্র করছে। 
তিনি বলেন, গত ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকত না, সামরিক আইন থাকত। 
তিনি আরো বলেন, দেশে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, জাতীয় নেতা হত্যার বিচার হয়েছে এবং ’৭১-এর ঘাতকদের বিচার চলছে।
বাংলার মাটিতে সকল বিচারে রায় কার্যকর হবে উল্লেখ করে নাসিম বলেন, বিএনপি নেত্রীর নির্বাচনের ট্রেন চলে গেছে। ২০১৯ সাল পর্যন্ত সে ট্রেনের জন্য তাকে অপেক্ষা করতে হবে। 
সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ নাসিম নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করেন।
জেলা ও উপজেলা পর্যায়ের কয়েক হাজার কাউন্সিলর ও ডেলিগেট এ সম্মেলনে অংশ নেন।