ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আটক করা হয়েছে ৩ জনকে।
রবিবার দুপুরে রাজধানীর শাহবাগে চারুকলা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সকাল ১১টায় রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। এখান থেকে প্রায় আড়াইশ শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিতে তার কার্যালয়ের দিকে রওনা হয়।
পরে চারুকলা ইনস্টিটিউটের সামনে পুলিশ তাদের বাধা দেয়। শিক্ষার্থীদের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। বাকিরা অবস্থান করতে থাকেন। দুপুর ২টার দিকে তাদের সেখান চলে যাওয়ার নির্দেশ দেয় পুলিশ। এতে তর্কাতর্কির এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় ছাত্রদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। শিক্ষার্থীদের ওপর এ সময় জলকামানও ব্যবহার করা হয়।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাবি কমিটির সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, 'পুলিশ অতর্কিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। শুরুতে সবাই শান্তিপূর্ণ অবস্থাতেই ছিল। কিন্তু পুলিশ হয়তো ওপর মহলের নির্দেশে এভাবে আক্রমণাত্মক হয়ে ওঠে।'
শাহবাগ থানার এসআই সাবেহ আলী জানান, শিক্ষার্থীরা ইট-পাটকেল ছোড়ার পর অ্যাকশনে যায় পুলিশ।