মেক্সিকোয় উদ্ধার হওয়া দগ্ধ দেহাবশেষ পরীক্ষা করে নিখোঁজ ৪৩ ছাত্রের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। ওই ছাত্ররা গুয়েরেরো রাজ্যে গত ২৬ সেপ্টেম্বর নিখোঁজ হয়।
বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, দেহাবশেষ পরীক্ষা করে আলেকজান্ডার মোরার পরিচয় শণাক্ত করা গেছে। তার পরিবারের এক সদস্যও এটা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল তাদেরকে এ তথ্য জানায়।
গত সেপ্টেম্বরে ইগুয়ালা শহরে স্থানীয় পুলিশ ৪৩ শিক্ষার্থীকে আটক করার পর একটি অপরাধী দলের কাছে হস্তান্তর করে বলে অভিযোগ রয়েছে।
প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, কোকুলা শহরের কাছে অপরাধীরা ওই শিক্ষার্থীদের হত্যা করার পর একটি আবর্জনার গর্তে ফেলে লাশগুলোতে আগুন ধরিয়ে দেয়। এরপর ছাই একটি নদীতে ফেলে দেয়।
শিক্ষার্থী নিখোঁজের পর মেক্সিকোয় দুর্নীতি ও সহিংসতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মেক্সিকো সিটিতে শনিবার ফের বিক্ষোভ হয়। এতে নিখোঁজ শিক্ষার্থীদের বাবা-মায়েরা বক্তৃতা করেন।
নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা ফিলিপ দ্য লা ক্রুজ বলেন, ‘কেবল একজনের পরিচয় পাওয়া গেছে। এটা যথেষ্ট নয়। বাকি ৪২ জনের পরিচয় না পাওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।’
মেক্সিকোয় অস্থিরতার কারণে প্রেসিডেন্ট এনরিক পেনা নিটোসের জনপ্রিয়তা দুই বছরের আগের তুলনায় এখন সর্বনি¤œ পর্যায়ে নেমে গেছে। প্রতিক্রিয়া হিসেবে তিনি কংগ্রেসে একটি সংস্কার প্রস্তাব দিয়েছেন। এতে রাজ্য পর্যায়ের ইউনিটের পাশাপাশি ১৮০০ পৌর পুলিশ বাহিনীতে রদবদলের বিষয় অন্তর্ভূক্ত রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর এক প্রতিবাদ বিক্ষোভে যোগ দিতে ইগুয়ালা যান স্থানীয় একটি টিচার্স ট্রেনিং কলেজের ৪৩ শিক্ষার্থী। পরে ইগুয়ালা থেকে কলেজে ফেরার পথে পুলিশ শিক্ষার্থীদের বাস লক্ষ্য করে গুলি চালায়। তাদের মধ্যে তিনজন এবং পার্শ্ববর্তী যানবাহনের আরো তিনজন নিহত হয়। শিক্ষার্থীরা এ সময় পালানোর চেষ্টা চালায়। তবে পৌর পুলিশ তাদের পিছু নেয় এবং আটক করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যায়।
এ ঘটনার পর কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। তারা জানান, শিক্ষার্থীদেরকে মাদক পাচারকারী সংগঠন গুয়েরেরোস ইউনিডোসের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে মেক্সিকোর দক্ষিণাঞ্চলের ইগুয়ালা নগরীর সাবেক মেয়র জোসে লুইস আবারকা ও তার স্ত্রী মারিয়া ডি লস অ্যাঞ্জেলসকে মেক্সিকো সিটির জনবসতিপূর্ণ ইজটাপালাপা জেলা থেকে গ্রেফতার করে ফেডারেল পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত ৭০ জনেরও বেশি লোককে গ্রেফতার করা হয়েছে।