আইএমএসও মহাপরিচালক পদে বাংলাদেশের জয়

 
ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশন (আইএমএসও) মহাপরিচালক পদে বাংলাদেশি প্রার্থীর বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
গত ২৭ ডিসেম্বর বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি) নৌবাহিনীর ক্যাপ্টেন মুক্তিযোদ্ধা মঈন আহমেদ আইএমএসও মহাপরিচালক পদে নির্বাচিত হন।
আন্তর্জাতিক এ সংগঠনটিতে ৩২ বছর যাবত ইউরোপের প্রতিনিধিরাই নির্বাচিত হয়ে আসছেন। রবিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সন্মেলনে নৌমন্ত্রী শাজাহান খান এসব তথ্য জানান।
স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সমুদ্র পরিবহনের নিরাপত্তা, বিপদের পূর্বাভাস, দুর্যোগ কবলিত সমুদ্র পরিবহনের সন্ধান, উদ্ধার কাজের সমন্বয় ও সমপ্রচার সেবার কাজ করে আন্তর্জাতিক এ সংস্থাটি। সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত।
নৌমন্ত্রী জানান, মহাপরিচালক পদের জন্য আইএমএসও সংগঠনটির ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ, জার্মানি, ফ্রান্স, ও রোমানিয়াসহ ৫টি দেশ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে। মোট চারটি পর্যায়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। প্রতিটি পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। চূড়ান্ত ভোট পর্বে বাংলাদেশের প্রতিনিধি ৪৯ ভোট এবং রুমানিয়া ৩৭ ভোট পায়।