আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, মানবতাবিরোধী অপরাধে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনের সংশোধন করা হবে। এ সংশোধনী ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে মন্ত্রিপরিষদের সভায় উঠবে। আগামী সংসদ অধিবেশনে এ আইন পাস হবে বলেও জানান তিনি।
রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বিচারপতিদের অভিশংসনের আইন প্রণয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইন তৈরির জন্য কাজ চলছে। শিগগিরই বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ দেশের সকল আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এ আইন করা হবে। তবে যাদের মতামত নিলে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে, তাদের মতামত নেয়া হবে না।
পাঁচদিন ব্যাপী আরবিট্রেশন বিষয়ে এ প্রশিক্ষক প্রশিক্ষন কোর্স যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ইন্টারন্যাশনাল ল ইন্সস্টিটিউট এর সাথে বিয়াক যৌথভাবে এ প্রশিক্ষন কর্মসূচী পরিচালনা করছে। এ কর্মসূচী পরিচালনায় সহায়তা করছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি)।
উদ্বোধনী অনুষ্ঠানে বিয়াক চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিয়াকের প্রধান নির্বাহী ড: তৌফিক আলী, মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি রোকিয়া আফজাল রহমান, আই এফ সির প্রোগ্রাম ম্যানেজার মাসরুর এম রিয়াজ, আই এল আ্ই এর প্রশিক্ষক ডেভিড ব্রানসন।
অনুৃষ্ঠানে আইনমন্ত্রী বলেন, দেশের আদালত সমূহে প্রায় ২৭ লক্ষ মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। কেবলমাত্র এ তথ্যটুকু ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিরুত্সাহিত করতে যথেষ্ঠ। তিনি বলেন, সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ন আইন সংশোধন করে এসব আইনে বিকল্প বিরোধ পদ্ধতি অর্ন্তভূক্ত করেছে। বাংলাদেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতির বাস্তবায়নে তিনি বিয়াক এর ভূমিকার প্রশংসা করেন।