গ্যাস-বিদ্যুতের দাম বাড়লে লাগাতার কর্মসূচি

যেদিন থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানো হবে সেদিন থেকেই লাগাতার কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিবদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন জোটের মুখপাত্র বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি  বলেন, আবার বিদ্যুত্ ও গ্যাসের দাম বাড়ানোর ষড়যন্ত্র হচ্ছে। এ দাম বৃদ্ধি জনজীবনে আরও বিপর্যয়ের কারণ হবে। আমরা বিশ দলীয় জোট এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

ব্রিফিংয়ে বলা হয়, আওয়ামী লীগ সরকার এর আগেও গ্যাস-বিদ্যুতের দাম একাধিকবার বাড়িয়েছে। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম আগের চেয়ে অর্ধেকে নেমে এসেছে। আগে যেখানে ব্যারেল প্রতি তেলের দাম ছিল ১২০ ডলার, তা কমে এখন নেমে এসেছে ৬০/৬৫ ডলারে। অথচ সরকার তেলের দাম কমায়নি। এছাড়া বিদ্যুত্ খাতে দুর্নীতি হচ্ছে ব্যাপকভাবে। কুইক রেন্টালের মাধ্যমে লুটপাট করা হচ্ছে। এই দুর্নীতির যাতে কোনো বিচার না হয়, সেজন্য এর সঙ্গে জড়িতদের রক্ষা করতে সরকার সংসদে আইন পাশের মাধ্যমে দুর্নীতিবাজদের ‘ইনডেমনিটি’ দিয়েছে।
বিশ দলীয় জোটের মুখপাত্র মির্জা ফখরুল বলেন, ভারত থেকে লাখ লাখ টন চাল আমদানি করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে সরকার। এই আমদানির কারণে দেশের কৃষক সমাজ তাদের উত্পাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না। অন্যদিকে সরকারের ভুলনীতির কারণে দিনদিন সার, বীজসহ বিভিন্ন কৃষি সরঞ্জামের দামও বৃদ্ধি পাচ্ছে। বিশ দলীয় জোট সরকারের এসব পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। একই সঙ্গে কৃষিপণ্য আমদানি বন্ধেরও জোর দাবি জানাচ্ছে।
ফখরুল আরো বলেন, আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঁচপুরে বিশ দলীয় জোটের জনসভা হবে। জনসভায় বিএনপি চেয়ারপারসন ও জোট নেত্রী খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্য রাখবেন। তিনি বলেন, গত শুক্রবার সংবাদ সম্মেলনে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিশ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে অংশ নেন জামায়াতে ইসলামীর সুরা সদস্য ড. রিদওয়ানউল্লাহ শাহেদী, খেলাফত মজলিশের মহাসচিব অধ্যাপক আহমেদ আবদুল কাদের, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বিজেপির সালাউদ্দিন মতিন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান, ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া, কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমান, লেবার পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাম্যবাদী দলের সাঈদ আহমদ, জমিয়তে ওলামায়ে ইসলামের মুহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির আবুল কাশেম ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম সম্পাদক মুফতি তৈয়ব।
 ‘গুম-হত্যায় জড়িতরাও
মানবতাবিরোধী অপরাধী’
গুমের শিকার রাজধানীর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি মাহবুব হাসান সবুজ ও ২৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কাজী ফরহাদ হোসেনের সন্ধান দাবিতে গতকাল নয়াপল্টনে ভাসানী ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে। যারা গুম-হত্যা করেছেন একইভাবে তারাও মানবতাবিরোধী অপরাধ করেছেন। বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক আন্দোলনে পরাজিত হয় না। বিজয়ের পরে গুম-হত্যার সঙ্গে জড়িতদেরও একইভাবে বিচার করা হবে। খালেদা জিয়ার নেতৃত্বে এই সরকারকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে।

সভায় মাহবুব হাসান সুজনের স্ত্রী মোছা. তানজিলা আক্তার বলেন, ‘আমার স্বামীকে ফিরে পেতে চাই। আমাদের দুটি সন্তান আছে। আমি চাই আমার স্বামী সুস্থ অবস্থায় তার দুই সন্তানের কাছে ফিরে আসুক।’ এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। ফরহাদ হোসেনের বোন কাজী খোরশেদা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আর কিছুই চাই না, শুধু আমাদের ভাইকে ফিরে পেতে চাই।’