ভাবী দেবরের লড়াই

সবাই জানি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি দল ডেমোক্র্যাট ও রিপাবলিকানের মধ্যে। কিন্তু ভিন্ন চিত্র দেখা যাবে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে। ওই নির্বাচনে লড়াই হবে মূলত ভাবী এবং দেবরের মধ্যে!

ভাবী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের স্ত্রী হিলারি ক্লিনটন এবং দেবর সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ছোট ভাই জেব বুশ। মার্কিন সংবাদ ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) এক সাক্ষাতকারে জর্জ ডব্লিউ বুশ বলেছেন, বিল ক্লিনটন তার অন্য মায়ের সন্তান। তাহলে সাবেক এই দুই প্রেসিডেন্ট সম্পর্কে ভাই। সেই হিসেবে হিলারি ক্লিনটন জেব বুশের ভাবী। আগামী নির্বাচনে রিপাবলিকান দল থেকে লড়াইয়ে নামতে যাচ্ছেন জেব বুশ। এরপর বুশকে প্রশ্ন করা হয়, তাহলে লড়াইটা কাদের মধ্যে হচ্ছে? বুশের উত্তর- ভাবীর সঙ্গে দেবরের এবং দেবর ভাবীকে পরাজিত করবেন। বুশ বলেন, সন্দেহ নেই যে হিলারির দক্ষতা দারুণ। তবে তার ভাই জেব বুশও কম নয়। অন্যদিকে এই লড়াইকে বলা যায় রাজনৈতিক উত্তরাধিকারীদের লড়াই। জেব বুশ এই নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হলে একই পরিবার থেকে তিনজন প্রেসিডেন্ট হওয়ার রেকর্ড হবে।- সিএনএন।