‘প্রতারিত মা’

সিরিয়ায় জিহাদের উদ্দেশ্যে যাওয়া ছেলেকে পুলিশের কাছে ধরিয়ে দেয়ার পর ছেলেটির মা বলেছেন তিনি প্রতারিত হয়েছেন। মাজিদা সারওয়ার নামের ওই মা জানিয়েছেন, তার ছেলেকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এতে কোনো মা ভবিষ্যতে পুলিশকে সাহায্য করবে না।

ব্রিটেনের নাগরিক ইউসুফ সারওয়ারকে সন্ত্রাসী কর্মকান্ডের প্রস্তুতি নেয়ার অপরাধে ১২ বছর ৮ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, এই কারাদণ্ড সন্ত্রাসী কান্ডে যুক্তদের একটি পরিষ্কার বার্তা দেবে। মাজিদা সারওয়ার জানান, গত বছর তিনি তার ছেলের কাছ থেকে একটি চিঠি পান। এতে লেখা ছিল ইউসুফ জিহাদে অংশ নিতে সিরিয়ায় যাচ্ছেন। সিরিয়াতে আল কায়েদার একটি গ্রুপের সঙ্গে তার সম্পর্ক ছিল। মাজিদা সারওয়ার এই খবর পুলিশকে জানান। পরে যখন ইউসুফ ও তার বন্ধু নাহিন আহমেদ যুক্তরাজ্যে ফিরে আসে পুলিশ তাদের গ্রেফতার করে। একই অপরাধে মাসুদুর চৌধুরী নামের একজনকে চার বছরের জেল দেয়া হয়েছে। মাজিদা বলছেন, তিনি যদি জানতেন তার ছেলেকে ১২ বছরের দণ্ড দেয়া হবে তাহলে হয়তো তিনি পুলিশকে খবর জানাতেন না। মাজিদা মনে করছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। - বিবিসি