ডাচ অভিনেত্রীর দুঃসাহসিক অভিযান



ডাচ অভিনেত্রী ও অভিযাত্রী ম্যানন ওসেভুর্ট এক দুঃসাহসিক অভিযান চালিয়ে দক্ষিণ মেরু পৌঁছেছেন। তিনি একটি ট্রাক্টরে চেপে ইউরোপ থেকে আফ্রিকা হয়ে মঙ্গলবার বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকা মহাদেশে পৌঁছান। আর এভাবে তিনি তার এক দশকের স্বপ্নপূরণ করেন।

দক্ষিণ মেরুতে পৌঁছানোর পর ওসেভুর্ট স্যাটেলাইটট টেলিফোনের মাধ্যমে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই সাফল্য আমার জন্য খুবই আবেগঘন। আমি অত্যন্ত আনন্দিত। এখানে পৌঁছানোটা আমার কাছে সত্যিই ইন্দ্রজালের মত মনে হচ্ছে।’

তিনি ম্যাসি ফার্গুসন ট্রাক্টরে ঘন্টায় গড়ে ১০ কিলোমিটার গতিতে এবড়োথেবড়ো বরফাঞ্চল পাড়ি দিয়েছেন। তিনি বলেন, ‘আমাকে অনেক প্রতিকূলতা অতিক্রম করতে হয়েছে। একটা ঘটনা না বলে পারছি না। সেটা হল একদিন আমি ঘন্টার পর ঘন্টা ট্রাক্টর চালিয়ে যাচ্ছি, তবে ঘন্টায় আধা কিলোমিটার থেকে ৫ কিলোমিটারের বেশি গতিতে যেতে পারছিলাম না। আমি তখন সত্যিই চিন্তায় পড়ে গিয়েছিলাম।’