ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সিনেটে নিষেধাজ্ঞা অনুমোদন

 
 
 
বিক্ষোভকারীদের অধিকার লঙ্ঘিত হলে ভেনেজুয়েলার কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে একটি বিলের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এই বিলটি এখন অনুমোদনের জন্য প্রতিনিধি পরিষদে যাবে। এর আগে নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও সম্প্রতি ওবামা প্রশাসন বিলটি সমর্থন করতে পারে বলে ইঙ্গিত দিয়েছে। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদন দেওয়া ‘ভেনেজুয়েলা ডিফেন্স অব হিউম্যান রাইটস এন্ড সিভিল সোসাইটি অ্যাক্টের’ লক্ষ্যবস্তু ভেনেজুয়েলার বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তারা যারা ‘৪ ফ্রেব্রুয়ারি শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তাত্পর্যপূর্ণ সহিংস কর্মকাণ্ড অথবা গুরুতর মানবাধিকার লঙ্ঘন’ পরিচালনা করেছে। যদি বিলটি পাস করা হয়, তাহলে বিক্ষোভকারীদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে গণ্য হলে ভেনেজুয়েলার কর্মকর্তাদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা প্রত্যাখ্যান এবং তাদের সম্পত্তি জব্দ করা হতে পারে। বিলটি উত্থাপনকারী সিনেটর রবার্ট মেনেনডেজ বলেছেন,  এটা ‘ভেনেজুয়েলার সরকারের প্রতি একটি পরিস্কার বার্তা’ পাঠিয়েছে।
লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেয়া কয়েক হাজার আন্দোলনকর্মীকে গত ফেব্রুয়ারিতে গ্রেফতার করা হয়। এ ছাড়া, রাজনৈতিক বিভাজনের কারণে সহিংসতায় ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন কর্মী নিহত হয়। উল্লেখ্য, চার বছর আগে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়ার পর থেকে দেশ দুইটির সম্পর্ক অত্যান্ত শীতল।