গাজায় সামপ্রতি ৫০ দিনের লড়াইয়ের শেষদিনগুলোতে বহুতল চারটি ভবনে ইসরাইলের বিমান হামলা যুদ্ধাপরাধের সামিল বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
ইসরাইলের সমালোচনা করে নতুন এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, তথ্যপ্রমাণে দেখা গেছে, ইচ্ছাকৃতভাবেই এ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে এবং সামরিক দিক থেকেও এর কোনো যৌক্তিকতা নেই।
এর প্রেক্ষাপটে বিষয়টির অবাধ ও নিরপেক্ষ তদন্ত আহ্বান করেছে অ্যামনেস্টি।
এদিকে, ইসরাইল অভিযোগ করে বলেছে, এ প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে এবং হামাসের ওই ভবনগুলো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করার বিষয়টি এতে উপেক্ষিত হয়েছে।
এক বিবৃতিতে লন্ডনের ইসরাইলি দূতাবাস বলেছে, অ্যামনেস্টির বরং ইসরাইলের নাগরিকদের ওপর ফিলিস্তিনের হামাসের রকেট হামলার বিষয়টি তদন্ত করা উচিত।
ফিলিস্তিনের গাজায় সামপ্রতিক সময়ে ইসরাইল এবং হামাসের মধ্যে ৫০ দিনের ওই লড়াইয়ে জাতিসংঘের হিসাবমতে, অন্তত ২ হাজার ১৮৯ ফিলিস্তিনি নিহত হয়। এর মধ্যে ১ হাজার ৪৮৬ জন বেসামরিক নাগরিক।
আর ইসরাইলের পক্ষে নিহত হয় ৬৭ সেনা এবং ৬ বেসামরিক নাগরিক। সংঘর্ষের শেষ চারদিনে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে দিয়ে ইসরাইলের জঙ্গিবিমান ৪টি বহুতল ভবনে বড় ধরনের বোমা হামলা চালায়।
অ্যামনেস্টি বলেছে, ইসরাইল ওই ভবনগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর এগুলোতে হামলা চালানোয় কেউ হতাহত হয়নি বটে। কিন্তু আশেপাশের ভবনগুলোতে থাকা বহু মানুষ এতে হতাহত হয়েছে। বিবিসি