৭ খুন: শাহজাহান মোল্লাই তদন্ত কমিটির নেতৃত্বে




নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় গঠিত সার্বিক তদন্ত কমিটিতে নতুন প্রধান নিয়োগের আদেশ নাকচ করেছে হাইকোর্ট।বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ কমিটির প্রধান হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মোল্লাকেই প্রতিবেদন দিয়ে দায়িত্ব শেষ করার আদেশ দিয়েছে।
গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটির প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
অপহরণের পরই নজরুলের পরিবারের পক্ষ থেকে নাসিকের আরেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করা হয়।
নজরুলের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, নূর হোসেন র্যাবকে ৬ কোটি টাকা দিয়ে সাতজনকে হত্যা করিয়েছেন।
এরপর র্যাব  ও আইন-শৃঙ্খলা বাহিনীসহ অন্যদের জড়িত থাকার অভিযোগ তদন্তে হাই কোর্টের নির্দেশে গত ৭ মে এই তদন্ত কমিটি করে সরকার। শাহজাহান মোল্লা ওই তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব পান।
তার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গত সাত মাসে চার শতাধিক ব্যক্তির সাক্ষ্য নেয়, যাদের মধ্যে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী, সংসদ সদস্য শামীম ওসমান, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসানও রয়েছেন।
এরই মধ্যে গত ৯ নভেম্বর শাহজাহান মোল্লাকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের (পিএসসি) ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলে কমিটির কাজে স্থবিরতা দেখা দেয়।
এ কারণে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হাকিমকে মঙ্গলবার কমিটির প্রধান হিসাবে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ অবস্থায় আগের প্রধানকে দায়িত্ব চালিয়ে যেতে আদালত এই আদেশ দেন।