‘নতুন পে-স্কেল ঘোষণা করলে মূল্যস্ফীতি বাড়তে পারে’

 
 
 
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘নতুন পে-স্কেল ঘোষণা করা হলে মূল্যস্ফীতি বাড়ে। তবে এখন যেহেতু মূল্যস্ফীতি কম রয়েছে, তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-কমিশনের সুপারিশ বাস্তবায়নের এটাই উপযুক্ত সময়। অন্য দিকে, মূল্যস্ফীতি বাড়লেও বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য সরকারের কিছু করণীয় নেই। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেই নিজ-নিজ প্রতিষ্ঠানে বেতন সমন্বয়ের উদ্যোগ নিতে হবে।’ বুধবার হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে বিশ্বব্যাংকের নতুন নির্বাহী পরিচালক সুভাষ সি গার্গের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রসঙ্গক্রমে তিনি জানান, পে কমিশনের চেয়ারম্যান বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে ফেরার পর রিপোর্ট জমা দেবেন।
বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বৈঠকে বাজেট সহায়তা ও বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।’
বৈঠকে পদ্মা সেতু নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতুতে অর্থায়ন করতে না পেরে বিশ্বব্যাংক ব্যথিত। এ বিষয়ে তারা চুপ রয়েছে, আর আমরাও কথা বলি না।’
অর্থমন্ত্রী জানান— আগামী চার বছরের মধ্যেই পদ্মা সেতুর কাজ শেষ হবে। আমার আশঙ্কা ছিল যে, বড় কোনো প্রতিষ্ঠান এ নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হবে না, কিন্তু সেই সংকট এখন কেটে গেছে। খুব শিগগির পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে যাব।’