বাংলাদেশে ইউনিসেফের নতুন প্রতিনিধি এডওয়ার্ড বিজবেডার

 
 
 
 
জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) বাংলাদেশ প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এডওয়ার্ড বিজবেডার। বুধবার তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর দপ্তরে সাক্ষাত্ করে তার পরিচয়পত্র পেশ করেছেন এবং দায়িত্ব পালনকালে বাংলাদেশের শিশুদের পরিপূর্ণ বিকাশে এ সংস্থার পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। উন্নয়ন ও জরুরি দুর্যোগ অবস্থার এই বিশেষজ্ঞ ২০ বছরের বেশি সময় ধরে বিশ্বব্যাপী শিশু ও নারী অধিকার রক্ষায় কাজ করেছেন। 
এডওয়ার্ড বিজবেডার বাংলাদেশে যোগদানের আগে হাইতিতে ২০১২ সালের জুন থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত ইউনিসেফের প্রতিনিধি হিসেবে কৌশলগত নির্দেশনা বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত ইউনিসেফের হয়ে ভারতে ১৩টি মাঠপর্যায়ের অফিসে দায়িত্ব পালন করেছেন বিজবেডার। এ ছাড়া, ২০০৪ সালে সুনামি বিধ্বস্ত ইন্দোনেশিয়ার আচে ও নিয়াস প্রদেশে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
ফ্রান্সের নাগরিক এডওয়ার্ড বিজবেডার বিভিন্ন সময় ইউনিসেফের হয়ে রুয়ান্ডা, কঙ্গো, কেনিয়া ও সোমালিয়ায় জরুরি ব্যবস্থাপনা বিভাগে কাজ করেছেন। এডওয়ার্ড বিজবেডার ১৯৯১ সালে ব্যবসা ব্যবস্থাপনায় স্নাতক এবং ১৯৯২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।