ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার প্রত্যন্ত চানপুর কাটাজানি গ্রামে গতকাল বুধবার দুপুরে দুই পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে ৭৮ মামলার আসামি বাবলু মিয়াকে ছিনিয়ে নিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। আহত পুলিশ কর্মকর্তারা হলেন- মুক্তাগাছা থানার সহকারী উপ-পরিদর্শক রেজানুর রহমান ও শাহীনুল ইসলাম। তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে র্যাব ও পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকের সংখ্যা ছিল ১১। পুলিশের অভিযানের ফলে এলাকা জনশূন্য হয়ে পড়েছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, মুক্তাগাছা থানার উল্লেখিত দুই কর্মকর্তা গতকাল দুপুর সাড়ে ১২টায় ৭৮ মামলার আসামি বাবলু মিয়াকে ধরতে তার বাড়িতে অভিযান চালান। বাবলু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার সময় বাড়ির লোকজন দা, লাঠি, কুড়াল নিয়ে পুলিশের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় দুই পুলিশ কর্মকর্তাকে এলোপাতাড়ি কুপিয়ে আসামিকে ছিনিয়ে নেয় তারা। এ খবর মুক্তাগাছা থানায় পৌঁছলে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাসাপাতালে পাঠায়। থানা সূত্রে জানা গেছে, আহত একজন কর্মকর্তার অবস্থা গুরুতর।
মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, ময়মনসিংহের সদর সার্কেল সহকারী পুলিশ সুপার আঃ হামিদের নেতৃত্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।