সুন্দরবনের শেলা নদীতে ডুবে যাওয়া তেলবাহী ট্যাংকার ‘ওটি সাউদার্ন স্টার-৭’ কে টেনে চরে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু হয়।
সকালে ট্যাংকারের মালিক প্রতিষ্ঠান হারুণ অ্যান্ড কোম্পানি বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় উদ্ধার করা শুরু করে। ট্যাংকারটি উদ্ধারে নারায়ণগঞ্জ ও বরিশাল থেকে রওনা হওয়া বিআইডব্লিউটির উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও নির্ভীক শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি। অন্যদিকে, চট্টগ্রাম থেকে রওনা হওয়া টাগবোট কাণ্ডারি-১০ হিরণ পয়েন্ট পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ।
এদিকে, বিআইডব্লিউটিএ-এর পরিচালকের সভাপতিত্বে মংলায় একটি বৈঠক হয়। বৈঠকে শ্যালা নদীতে তিন দিন সবধরণের নৌযান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে, অন্য রুটগুলোতে নৌযান চলবে।