বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। এ ঘটনার জেরে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম সচিব এ কে এম জাহাঙ্গীরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, এ কে এম জাহাঙ্গীরের চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। এ জন্য সরকারি কর্মচারী (অবসর) আইনের ক্ষমতাবলে সরকার তাকে চাকরি থেকে অবসর দিয়েছে।
গত ৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে গুলশানে কয়েকজন সরকারি কর্মকর্তা-কর্মচারী বৈঠক করেন।
খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীর ঐ বৈঠকে এ কে এম জাহাঙ্গীর হোসেনও ছিলেন এল বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়। তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক সম্মেলন করে এ ধরনের বৈঠকের কথা অস্বীকার করেন।
বৈঠকের এই ঘটনাকে হালকাভাবে নেয়া হবে না জানিয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়ার কথা আগেই বলেছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক।
গোয়েন্দা সংস্থার মাধ্যমে বৈঠকে অংশ নেয়া কর্মকর্তা-কর্মচারীদের শনাক্ত করার কথা গত রবিবার তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন।
বিগত বিএনপি সরকারের সময় জাহাঙ্গীর হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (অ্যাপয়নমেন্ট, পোস্টিং, ডেপুটেশন) অনুবিভাগে ছিলেন। এই বিভাগ থেকে সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়টি দেখা হয়।