সিআইএ মানবাধিকার লঙ্ঘন করেছে: আফগান প্রেসিডেন্ট

 
 
 
 
 
 
সিআইএর নিষ্ঠুর জিজ্ঞাসাবাদ কর্মসূচি ‘বিশ্বে মানবাধিকারের সব গ্রহণযোগ্য মানদণ্ডকে লঙ্ঘন করেছে’ বলে এক সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাটির হাতে নির্যাতিত আফগান নাগরিকদের নাম জানতে চেয়েছেন। সন্দেহভাজন ব্যক্তিদের সিআইএর জিজ্ঞাসাবাদ নিয়ে মার্কিন সিনেটে একটি প্রতিবেদন প্রকাশের পর তিনি এ দাবি জানান। খবর আল-জাজিরা ও বিবিসির।
সংবাদ সম্মেলনে আফগান প্রেসিডেন্ট বলেন, ‘পৃথিবীতে এ ধরনের কর্মকাণ্ডের এবং মনুষ্য নির্যাতনের কোনো ন্যায্যতা নেই।’ তিনি আরো বলেন, ‘সিআইএর দ্বারা জিজ্ঞাসাবাদের নামে অমানবিক নির্যাতনের কড়া প্রতিবাদ জানাচ্ছে আফগানিস্তান।’ ঘানি বলেন, ‘প্রতিবেদনের মাধ্যমে আমরা জানতে পেরেছি— দুর্ভাগ্যজনকভাবে আফগান নাগরিকদেরও নির্যাতন করা হয়েছে। তাদের মানবাধিকার লংঘন করা হয়েছে।’
নির্যাতিতদের নাম প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ‘আমরা নির্যাতনের শিকার আফগানদের নাম জানতে চাই। আমরা চাই— তাদের নাম প্রকাশ করা হোক, যাতে তাদের মানবাধিকার রক্ষায় আমরা কাজ করতে পারি।’ সিআইএর নির্যাতনের সমালোচনা করে তিনি বলেন, ‘আজকের বিশ্বে এ ধরনের অমানবিকতার কোনো বিচারই যথেষ্ট নয়।’