শীত শুরু হয়েছে। কিন্তু শুরু হতে না হতেই কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। সকাল হলেও সূর্যের দেখা মিলছে না। বৃহস্পতিবার দুপুরের পরও সূর্যের দেখা মেলেনি ঠিকমতো। তাপমাত্রা প্রায় দশ ডিগ্রির কাছাকাছি চলে যেতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় রাজশাহীতে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৮ ডিগ্রি এবং সর্বোচ্চ ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, যেখানে আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা কমার পাশাপাশি মেঘলা আবহাওয়ার প্রভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আরো অন্তত পাঁচ-ছয়দিন অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ মাহমুদুল কবির জানিয়েছেন।