গত এক দশকে ৪২ জনকে হত্যা করা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ব্রাজিলের পুলিশ। বৃহস্পতিবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, স্যালিসন জোসে দাস গ্রেকাস নামের ঐ ব্যক্তিকে বুধবার গ্রেফতার করা হয়েছে। রিও ডি জেনেরিওর একটি শহরতলীতে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যার কিছুক্ষণ পরই ধরা পড়েন তিনি।
এরপর গ্রেকাস স্বীকার করেন যে, তিনি আরো ৩৭ জন নারী, তিনজন পুরুষ ও দুই বছর বয়সী এক মেয়েশিশুকে হত্যা করেছেন। তার নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের খোঁজা হচ্ছে। এদের মধ্যে চারজনকে খুঁজে পাওয়া গেছে।
পুলিশকে দেয়া সাক্ষাৎকারটি ব্রাজিলের টিভি গ্লাবো’তে প্রচার করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, তিনি শিকারের জন্য বের হন ও আড্রেনালিনের জন্য খুন করেন। জেল থেকে বের হতে পারলে তিনি আবারও মানুষ খুন করবেন বলে জানিয়েছেন তিনি।
গ্রেকাসের প্রধান লক্ষ্য শেতাঙ্গ নারী। তাদের তিনি শ্বাসরোধ করে হত্যা করেছেন। বাকি তিন পুরুষকে হত্যার জন্য তাকে ভাড়া করা হয়েছিল। গ্রেকাস যাকে হত্যা করবেন তাকে কয়েকমাস ধরে পর্যবেক্ষণ করেন। এরপর সুযোগ পেলে বাড়ির মধ্যে ঢুকে তাকে হত্যা করেন।
বিশেষজ্ঞরা গ্রেকাসকে মানসিক বিকারগ্রস্ত বলে উল্লেখ করেছন। তার বক্তব্য সতর্কভাবে যাচাই করে দেখা দরকার বলে মনে করছেন তারা।
গত অক্টোবরে ব্রাজিলের শহর গোইয়ানিয়ার একজন নিরাপত্তা প্রহরী ৩৯ জনকে হত্যা করার কথা স্বীকার করেছেন।