অবশেষে কনকনে শীতের ঢাকায় ভারতের জনপ্রিয় শিল্পী অরিজিত্ সিং তার গানের ভেতর দিয়ে সুরের উষ্ণতা ছড়িয়ে গেলেন গতকাল। যমুনা ফিউচার পার্কে কনসার্ট গড়ায় বিকেল থেকে। শুরুতেই ওয়ার্মআপ শিল্পী হিসেবে নবাগত কর্নিয়া ও ইমরান গাইলেও দর্শকদের ভেতরে এক ধরণের বিরক্তির উদ্রেক হয়। কারণ গত সপ্তাহে কনসার্ট বাতিল হয়ে পরবর্তীতে শুক্রবার অরিজিতকে দেখার উত্কণ্ঠায় ছিল কয়েক হাজার টাকা মূল্যের কেনা টিকেটে কনসার্ট দেখতে আসা দর্শকেরা।
শুরুতে অরিজিত স্টেজে উঠে খানিকক্ষণ বাজালেও তা দেখে দর্শকেরা চমকে গেলে অরিজিত মজা করে বলে ওঠেন ‘যে শীত পড়েছে, তাই একটু গরম হয়ে নিলাম। আমি আসছি’। অত:পর আবারও হোটেলে ফিরে যান। এরপর ওয়ার্মআপ শিল্পীদের পরিবেশনা শেষ হলে সন্ধ্যায় আসেন অরিজিত। মাঝে নিরব, জানভী ও শখের পরিবেশনায় ছিল বাংলা গান। তার সবচেয়ে জনপ্রিয় গান তুম হি হো দিয়ে শুরু করেন। একে একে গেয়ে শোনান দিল সামাল ঝা জারা, চাহু মে ইয়ানা, এরপর ভারতীয় নবাগত শিল্পী সুপ্রিয়া রায়কে নিয়ে পরবর্তী গানগুলো দ্বৈত পরিবেশনা করেন। নিজের পূর্ব ঘোষিত কমিটমেন্ট অনুযায়ী ৯০ মিনিট পারফর্ম করেন। তবে আগের কথা অনুযায়ী বিজয়ের মাসে স্বাধীন বাংলা বেতারের গান গাননি তিনি। এমনকি তার কণ্ঠে কোনো বাংলা গানও শোনা গেল না। পুরো আয়োজনে সাউন্ড, আলোকসজ্জা ও ব্যকস্ক্রীন ছিল নান্দনি। পুরো অনুষ্ঠানের আয়োজনে ছিল যমুনা ফিউচার পার্ক।