ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার নিশ্চিত করেছে যে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরান ও বিশ্ব শক্তিসমূহের মধ্যকার আলোচনা ১৭ ডিসেম্বর জেনেভায় পুনরায় শুরু হবে। বৃহস্পতিবার ইরানে এক প্রতিবেদনে এই আলোচনার কথা ঘোষণা করা হয়।
ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক বিভাগ জানিয়েছে, মন্ত্রী পর্যায়ের পরিবর্তে এই আলোচনা হবে সিনিয়র কর্মকর্তা পর্যায়ে।
ইইউ কূটনৈতিক মিশনের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব শক্তিসমূহের রাজনৈতিক পরিচালকবৃন্দ ও ইরান আগামী ১৭ ডিসেম্বর ২০১৪ একটি দীর্ঘমেয়াদি সার্বিক সমাধানে পৌঁছার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে দিনব্যাপী বৈঠকে জেনেভায় মিলিত হবেন।
এর আগে ভিয়েনা বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য ও জার্মানি এবং ইরান আলোচনায় অগ্রগতি সত্ত্বেও নভেম্বর সময়সীমার মধ্যে একটি সুনির্দিষ্ট চুক্তিতে উপনীত হতে না পারায় আলোচনা ১ জুলাই পর্যন্ত সম্প্রসারিত করতে সম্মত হয়।
একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্য হলো ইরান বেসামরিক কর্মকাণ্ডের আড়ালে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং ইরানের অর্থনীতিকে দুর্বল করে রাখা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে।
অবশ্য ইরান পরমাণু বোমা তৈরির প্রচেষ্টার কথা বরাবরই অস্বীকার করে এসেছে। তাদের দাবি তারা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের জন্যই পরমাণু কার্যক্রম পরিচালনা করছে। এএফপি