এসএসসির ফরম পূরণে অতিরিক্ত ফি: ২৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ

 
 
 
 
 
 
এসএসসির ফরম পুরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফি এখনো ফেরত না দেয়ায় ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে কারণ দর্শানো নোটিস দেয়া হয়েছে।  কেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এ সব প্রতিষ্ঠানকে জবাব দিতে বলা হয়েছে।
নোটিসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল, হলিক্রস স্কুল, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল, মনিপুর উচ্চবিদ্যালয়, সিদ্দেশ্বরী বালিকা উচ্চবিদ্যালয়, মোহাম্মপর উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকার ওয়েস্ট অ্যান্ড হাইস্কুল রয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজের স্বাক্ষরে এ সব নোটিস পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা। কিন্তু বেশির ভাগ প্রতিষ্ঠান বোর্ড নির্ধারিত ফির বাইরে কয়েক গুণ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে। এ প্রেক্ষিতে বোর্ডের তদন্তের মাধ্যমে এ সব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়। পরে এ সব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত আদায় করা ফি শিক্ষার্থীদের ফেরত দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ফি ফেরত না দেয়া বোর্ড এ কারণ দর্শানো নোটিস প্রদান করে।
এইচএসসির ফরম পূরণ: আগামী এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে কোনো ফি আদায় করার জন্য দেশের সব কলেজগুলোর প্রতি বোর্ড থেকে নিদের্শনা দেয়া হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালের এসএসসির পরীক্ষার ফরম পুরণে বোর্ড নির্ধারিত ফি এবং মন্ত্রণালয়ের অনুমোদিত ফির বাইরে অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি নয় মর্মে সরকারের প্রতি রুল জারি করেছে।
এ প্রেক্ষিতে সকল প্রতিষ্ঠানকে ২০১৫ সালের এইচএসসি/বিআইডিএস পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।