‘ইরানে নির্যাতন করা হয়,মুক্তিপণ দিয়ে ফিরে আসি’

 
ইরান থেকে ফিরে আসা বরিশালের ইলিয়াছ বলেছেন, আমি ২০১০ সালে আবুদাবি যাই। সেখান থেকে আমাকে কাজ দেবার কথা বলে ইরানের একটি জঞ্জলে নিয়ে আটকে রাখা হয়। মুক্তিপণ হিসেবে ৪ লক্ষ টাকা দাবি করে তারা। ভিটা বাড়ি বিক্রি করে দেশ থেকে টাকা পাঠায় বাবা-মা। তারপর দেশে ফিরি । এর কোন বিচার পায়নি বলে দাবি করেন তিনি।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এভাবেই দুভোগের কথা বলে বিমর্ষ আর আবেগ আপ্লুত হয়ে পড়েন তার মতো প্রতারিত আরো বিদেশ ফেরত কয়েকজন।
অভিবাসী কর্মীদের দুর্ভোগ এবং অভিবাসী আইন বাস্তবায়ন বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন,দেশে অভিবাসন আইন হলেও আইনের বাস্তব প্রয়োগ নেই। প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যক্তি বিদেশে লোক পাঠানোর নাম করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।  অভিবাসন আইন বাস্তবায়নে সরকারের কার্যকরী ভূমিকা দরকার।
ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও এডব্লিউও যৌথভাবে আলোচনার আয়োজক।
নিউজ নেক্স বিডি ডটকমের সম্পাদক নজরুল ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আইনজীবী সিমিতির সভাপতি সালমা আলী, মিডিয়া ব্যক্তিত্ব হাসান আহম্মেদ কিরন, ওয়্যারবীর চেয়ারম্যান সাইফুল হক। এছাড়া বিদেশ ফেরত কয়েকজন কর্মীও উপস্থিত ছিলেন।
সালমা আলী বলেন, আমাদের সরকার অভিবাসন আইন করলেও এর বাস্তব প্রতিফলন এখনও দেখা যায়নি। এই আইন বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান তিনি।