ধুনটে মাদক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেফতার ৩

বগুড়ার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যুবলীগ নেতাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার নিমগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নান্দিয়ারপাড়া গ্রামের কামরুল ইসলাম (৩০), চিকাশি গ্রামের লাল মিয়া (৩৫) ও রান্ডিলা গ্রামের আব্দুল মজিদের ছেলে সুজন মিয়া (২৬)।

 

মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিমগাছি ইউনিয়ন যুবলীগ নেতা কামরুল ইসলামের ছত্রছায়ায় এলাকার মাদক ব্যবসায়ীরা একটি সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে। এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে কামরুল, লাল মিয়া ও সুজনকে গ্রেফতার করা হয়।

 

ইত্তেফাক/এএম