বিশ্বের সামনে ভয়াবহ জলবায়ু বিপর্যয় আসন্ন :কেরি

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি হুঁশিয়ার করে বলেছেন, বিশ্ববাসী ভয়াবহ জলবায়ু বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে। বিভিন্ন দেশের মধ্যে জলবায়ু ইস্যুতে মতানৈক্য হওয়ায় এই ঝুঁকি দিন দিন আরো বাড়ছে বলে তিনি মন্তব্য করেছেন। পেরুর লিমায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এখনই কাজ শুরু না করলে পরিণতি ভোগ করতে হবে সবাইকে।

জন কেরি আরো বলেন, আমরা জলবায়ু পরিবর্তন নিয়ে অনেক বাগাড়ম্বর করছি। কিন্তু কাজের কাজ তেমন কিছু করছি না। তেমন কোনো অগ্রগতি হচ্ছে না এই ব্যাপারে। একারণে জরুরি ভিত্তিতে বিষয়টির দিকে আমাদের নজর দেয়া উচিত। তবে কেরি বলেন, সব দেশকেই এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা উচিত। জলবায়ু দূষণ প্রসঙ্গে বিশেষ বিবেচনায় কোনো দেশকেই ছাড় দেয়া উচিত নয়। সবার ক্ষেত্রে জবাবদিহিতার মাত্রা সমান হওয়া উচিত। তিনি বলেন, আমি জানি উন্নয়নশীল দেশগুলোর জন্য কিছু কিছু জিনিস এড়িয়ে চলা কঠিন। কিন্তু জলবায়ু পরিবর্তন ভবিষ্যত প্রজন্মের অস্তিত্ত্বের প্রশ্ন। তাই বিকল্প উপায়ে তাদের উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যেতে হবে যাতে পরিবেশ দূষণ এড়িয়ে চলা যায়।