২৫ প্রতিষ্ঠান প্রধানকে ঢাকা বোর্ডের সতর্কবার্তা

এসএসসির ফরম পূরণের সময় শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ফি এখনো ফেরত না দেয়ায় ২৫ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শাও নোটিস দেয়া হয়েছে। কেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে না– সে বিষয়ে আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে জবাব দিতে বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজধানীর ভিকারুন নিসা নূন স্কুল, আইডিয়াল স্কুল এন্ড কলেজ, রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল, হলিক্রস স্কুল, রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল, মনিপুর উচ্চ বিদ্যালয়, সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকার ওয়েস্ট এন্ড হাইস্কুল রয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দিলারা হাফিজের স্বাক্ষরে এসব নোটিস পাঠানো হয়েছে।

ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি সর্বোচ্চ এক হাজার ৪০০ টাকা। কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠান বোর্ড নির্ধারিত ফি’র কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করেছে। বোর্ডের তদন্তের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের তালিকা তৈরি করা হয়। পরে এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত আদায় করা ফি শিক্ষার্থীদের ফেরত দিতে বলা হয়। কিন্তু নির্ধারিত সময়ে ফি  ফেরত না দেয়ায় বোর্ড কারণ দর্শাও নোটিস প্রদান করে।
এইচএসসির ফরম পূরণ

আগামী এইচএসসি পরীক্ষার ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফি’র বাইরে কোন ফি আদায় না করার জন্য দেশের কলেজগুলোর প্রতি বোর্ড থেকে নির্দেশনা দেয়া হয়েছে। বোর্ডের নির্দেশনায় বলা হয়, ২০১৫ সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফি এবং মন্ত্রণালয়ের অনুমোদিত ফি’র বাইরে অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত স্বপ্রণোদিত হয়ে অতিরিক্ত ফি আদায় কেন বেআইনি নয় মর্মে সরকারের প্রতি রুল জারি করে।