টাঙ্গাইলে ফারুক আহমেদ হত্যা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য আমানুর রহমান খান ওরফে রানাসহ চারজনকে হয়রানি বা গ্রেফতার না করা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতই থাকছে। হাইকোর্টের আদেশ স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া আদেশ চলমান থাকবে বলে ঘোষণা করা হয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজপাড়া এলাকায় নিজ বাসার কাছ থেকে ফারুকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। ২১ জানুয়ারি অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করা হয়। মামলাটি তদন্তের এক পর্যায়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত আগষ্ট মাসে এই খুনের ঘটনার সঙ্গে এমপি আমানুর ও তার ভাইদের সম্পৃক্ততা পায়। গত সেপ্টেম্বর আমানুরসহ চারজন হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রিটের শুনানি না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেফতার না করার নির্দেশ দেয়। গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। পরে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়। বুধবার এই স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয় বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি সাংবাদিকদের বলেন, এই আদেশের ফলে এমপি আমানুর ও তার তিন ভাইকে গ্রেফতারে কোনো আইনি বাধা রইল না।