পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি নেতাদের বলছি, পারলে আমাকে গ্রেফতার করুন। রাজ্যের পরবিহনমন্ত্রী মদন মিত্র গ্রেফতার হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় কলকাতায় এক সংবাদ সম্মেলনে তিনি এই চ্যালেঞ্জ করেন। খবর: জি-নিউজ ও আনন্দবাজারের।
মমতা বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করার বিপদজ্জনক খেলায় নেমেছে বিজেপি। বেআইনিভাবে ও অসাংবিধানিক উপায়ে সিবিআইকে কাজে লাগিয়ে এভাবে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে বিজেপি। আমি আমার মন্ত্রী-অফিসারদের এইভাবে হেনস্থা বরদাস্ত করব না। নরেন্দ্র মোদীর কত পুলিশ আছে, অমিত শাহের কত গুণ্ডা আছে দেখব। আমাকে গ্রেফতার করে দেখাও।
মুখ্যমন্ত্রী বলেছেন, মদন কি চোর? ডাকাত না খুনি? তাকে গ্রেফতার উদ্দেশ্য প্রণোদিত। বিজেপি ভাবছে গায়ের জোরে সব কিছু দখল করবে। আমরা বদলার রাজনীতি করি না। চাইলে সিপিআইএমে’র অনেককে গ্রেফতার করতে পারতাম। কিন্তু করিনি।
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে তিনি বলেন, সারা দেশ থেকে বিজেপি ধূলিসাৎ হয়ে যাবে। সারা ভারতে যারা বিজেপির বিরুদ্ধে লড়বে আমরা সেই সব দলের সঙ্গে আছি।
মমতা জানিয়েছেন, মদন যাওয়ার আগে আমাকে পদত্যাগপত্র দিয়ে গেছে। কিন্তু আমি গ্রহণ করব না। ও সৌজন্যবশত এটা করেছে। ও কোনও অপরাধ করেনি। পরিবহন দফতরে নতুন কেউ আসছে না।
মদনকে গ্রেফতারে প্রতিবাদে শনিবার রাজপথে তৃণমূল রাজপথে নামছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এর আগে শুক্রবার সারদা কেলেঙ্কারির সঙ্গে জড়িত সন্দেহে তৃণমূল কংগ্রেসের পরিবহনমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছে।