আইএসে’র টুইটার পরিচালিত হয় বেঙ্গালুর থেকে!

 
ভারতের বেঙ্গালুর থেকে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালিনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাসা থেকে  তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি। তবে আটককৃত ঐ যুবক আইএসের টুইটার পরিচালনা করেন না বলে দাবি করেছেন। খবর: এনডিটিভি ও জি-নিউজের।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেহেদি মাশরুর বিশ্বাস (২৪) নামে ঐ যুবক ‘@শামিউইটনেস’ নামে টুইটার অ্যাকাউন্ট পরিচালিত করেন। ব্যাঙ্গালুরের একটি কোম্পানিতে তিনি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ২০১১ সালে তিনি ব্যাঙ্গালুরে এসে বসবাস শুরু করেন। পুলিশের সূত্র জানিয়েছে, তিনি ওয়েস্ট বেঙ্গল ইনিস্টিটিউট অব টেকনলজি’র প্রাক্তন ছাত্র।
তবে মেহেদি মাশরুর দাবি করেছেন, আইএসেরটুইটার হ্যান্ডেলে তার কোনো হাত নেই। ভারতের একটি ইংরেজি দৈনিককে তিনি জানিয়েছেন, তিনি ঘটনার সঙ্গে যুক্ত নন।
সম্প্রতি ব্রিটেনভিত্তিক চ্যানেল ফোরের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বেঙ্গালুর থেকে আইএসের টুইটার অ্যাকাউন্ট পরিচালিত হচ্ছে। প্রতিমাসে শামি উইটনেস নামধারী টুইটার অ্যাকাউন্টটি প্রতি মাসে ২০ লাখের বেশি মানুষ দেখে থাকেন। অ্যাকাউন্টরি ফলোয়ারের সংখ্যা ১৭ হাজার ৭০০।
চ্যানেলটি জানিয়েছে, সকাল, বিকেল ও সন্ধ্যায় প্রতিদিনই আইএসের প্রপাগান্ডা হিসেবে প্রচুর টুইট করা হয় ঐ অ্যাকাউন্ট থেকে।