রোমে দালাইলামার সাথে বৈঠক করবেন না পোপ

   
 
 
চীনের সাথে সম্পর্কের অবনতি এড়াতে তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামার সাথে বৈঠক করছেন না পোপ ফ্রান্সিস। খবর বিবিসির।
রোম সফররত দালাইলামা পোপের সাথে বৈঠকের অনুরোধ জানিয়েছিলেন। ভ্যাটিকানের মুখপাত্র বলেন, তাদের কাছে দালাইলামার অবস্থান অত্যন্ত উঁচুতে, তবু বিশেষ কারণে পোপ বৈঠক করবেন না। ভ্যাটিকান চীনের সাথে সম্পর্ক উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় না।
চীন দালাইলামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করে থাকে এবং বিদেশি কোনো বিশিষ্ট ব্যক্তি তার সাথে সাক্ষাত্ করলে ক্রুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন।
১৯৫৯ সালে বিদ্রোহের পর ভারতে আশ্রয় নেন দালাইলামা। তিনি এখন তিব্বতের স্বায়ত্বশাসনের জন্য প্রচারণা চালাচ্ছেন। ১৯৮৯ সালে তিনি শান্তিতে নোবেল পান।
রোমে শান্তিতে নোবেল পাওয়া ব্যাক্তিদের একটি সন্মেলন অনুষ্ঠিত হবে। পোপের মুখপাত্র জানিয়েছেন, পোপ ফ্রান্সিস নোবেল প্রাপ্তদের সাথে সাক্ষাত্ না করলেও সন্মেলনে একটি ভিডিও বার্তা পাঠাবেন।
উল্লেখ্য, চীনের ক্যাথোলিক চার্চের নিয়ন্ত্রণ নিয়ে সে দেশের সরকারের সাথে ভ্যাটিকানের দীর্ঘদিনের বিরোধ চলছে। সর্বশেষ চীনের বিশপ নিয়োগে কার সিদ্ধান্ত চূড়ান্ত হবে, সে বিষয়ে মতবিরোধ দেখা দেয় চীন ও ভ্যাটিকানের।