আইএস-বিরোধী অভিযানে মার্কিন সিনেটে আরো ব্যয় অনুমোদন

 
 
 
ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করতে নতুন করে বার্ষিক প্রতিরক্ষা বিল অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। এই বিলে বহির্বিশ্বে মার্কিন যুদ্ধে পেন্টাগনের সাধারণ বাজেটে ৪৯৬ বিলিয়ন ডলারের সঙ্গে আরো ৬৪ বিলিয়ন ডলার যোগ করার অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ওই বাজেটের মধ্যে আইএসের বিরুদ্ধে যুদ্ধ করতে সিরিয়ার মধ্যপন্থী বিদ্রোহীদের দক্ষ করে তোলার জন্য তাদের দুই বছরের প্রশিক্ষণ ও আনুষঙ্গিক সাহায্য করার ব্যয়ও রয়েছে। হাউস অব রিপ্রেজেনটেটিভে এরই মধ্যে বিলটি পাস হয়েছে। বিলটি এখন প্রেসিডেন্ট বারাক ওবামার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিশ্বে ইসলামি আইন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করা আইএস সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করছে। আইএসের সঙ্গে যারা দ্বিমত পোষণ করে, তাদের নির্যাতন অথবা হত্যা করা হয়। খবর বিবিসির।
চলতি বছরের আগস্টে মার্কিন সিনেট আইএসের বিরুদ্ধে হামলার অনুমোদন দেয়ার পর ইরাকে মার্কিন নিয়ন্ত্রণাধীন জোট আইএস যোদ্ধাদের স্থাপনায় ছয় শতাধিক বিমান হামলা চালায়। ২৩ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাহরাইন, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও আইএস দমনে ইরাকের পাশ্ববর্তী সিরিয়াতে অন্তত ৫০০ বিমান হামলা চালিয়েছে।
এখন পর্যন্ত আইএস-বিরোধী মার্কিন অভিযানের অর্থায়ন পেন্টাগনের মূল বাজেট থেকেই করা হচ্ছে। সিনেটে ৮৯ ভোটে পাস হওয়া নতুন এই বিলে আইএসের জন্য সরাসরি মার্কিন সৈন্য মোতায়েনে ৩.৪ বিলিয়ন মার্কিন ডলার এবং ইরাকি কুর্দি বাহিনীর প্রশিক্ষণের জন্য ১.৬ বিলিয়ন ডলারের অনুমোদন দেয়া হয়েছে।