জবিতে রবিবার থেকে শীতকালীন ছুটি শুরু

 
 
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রবিবার থেকে শীতকালীন ছুটি শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শীতকালীন ছুটি, শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস ও আখেরি চাহার সোম্বা উপলক্ষে রবিবার থেকে শুরু হয়ে এ ছুটি চলবে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২১ ডিসেম্বর এ ছুটি শুরু হওয়ার কথা থাকলেও উপাচার্যের সভাপতিত্বে সব অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রকের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় ১৪ ডিসেম্বর থেকে ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়। ছুটি চলাকালে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক দপ্তরসমূহ বন্ধ থাকবে।
উল্লেখ্য, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের (১ম বর্ষ) ভর্তি সংশ্লিষ্ট সব বিভাগ ও দপ্তরসমূহ খোলা থাকবে এবং ভর্তির কার্যক্রম যথারীতি চলবে।
০৫ দিনের ছুটি শেষে শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি থাকায় বিভাগীয় ও প্রশাসনিক দপ্তরসমূহসহ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর রবিবার থেকে যথারীতি শুরু হবে।