৫ জানুয়ারি বিএনপির ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মৃসূচি ঘোষণার কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ৫ জানুয়ারি আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র রক্ষা দিবস পালিত হবে। শনিবার সকালে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও, হত্যা ও নৈরাজ্য মোকাবিলা করে ৫ জানুয়ারির নির্বাচন করেছেন বলেই দেশের গণতন্ত্র রক্ষা হয়েছে। সংসদ চলছে, দেশের উন্নয়ন হচ্ছে। ভারত, চীন, জাপানসহ বিশ্বের উন্নত দেশসমূহ বর্তমান সরকারের সঙ্গে কাজ করছে।
নাসিম বলেন, এ নির্বাচন না হলে দেশে সামরিক শাসন হতো, গণতন্ত্র ও সংসদের মর্যাদা ভুলুণ্ঠিত হতো। খালেদা জিয়ার দল তাই চেযেছিল।
এদিন গণতন্ত্র হত্যাকারীদের মাঠে নামতে না দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন তিনি।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, সাবেক মত্স্যমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি, হাসিবুর রহমান স্বপন এমপি, আব্দুর মজিদ মন্ডর এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি প্রমুখ।